মুগদার এক কেন্দ্রে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ২৫ শতাংশ
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর মুগদা থানাধীন মহানগর আইডিয়াল কলেজ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই কেন্দ্রে প্রথম ৫ ঘণ্টায় ২৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আজ সকালে সরেজমিনে মহানগর আইডিয়াল কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো। অনেক নারী ভোটার এবারই প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, যাদের মধ্যে এক ধরনের বাড়তি উচ্ছ্বাস ও আনন্দ লক্ষ করা গেছে। কেন্দ্রটিতে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোটের হার সম্পর্কে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলমগীর এনটিভি অনলাইনকে বলেন, সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ৫ ঘণ্টায় প্রায় ২৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকার কারণ হিসেবে তিনি বলেন, রাজধানীর মানুষ সাধারণত একটু আরামপ্রিয়, তাই অনেকেরই ঘুম থেকে উঠতে কিছুটা দেরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি বিকেলের দিকে এই হার আরও অনেক বাড়বে।
উল্লেখ্য, ঢাকার এই কেন্দ্রসহ সারা দেশের ২৯৯টি আসনে আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসছেন। মুগদা এলাকার এই কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের কারিগরি ও প্রশাসনিক সহায়তা প্রদান করছেন প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যরা।

এনটিভি অনলাইন ডেস্ক