জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আয়েবা নেতারা
স্বাধীনতার মাসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) নেতারা। ধর্মঘট উপেক্ষা করে আজ বুধবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধে যান ইউরোপের ৩০টি দেশের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা।
আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে কমিউনিটি নেতারা স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তাঁরা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়েবার সভাপতি গ্রিসের এথেন্সের কমিউনিটি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিন, সহসভাপতি আ ক ম সেলিম, বাংলাদেশ প্রতিনিধি এম এ হক ফেরদৌস, সাংবাদিক মাহমুদ হাফিজ, বিল্লাল ফকিরসহ অন্যরা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, ‘বাঙালি জীবনে সবচেয়ে গৌরবের অর্জন আমাদের স্বাধীনতা। আজ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ নামের নতুন একটি দেশের জন্ম হয়েছিল বলেই আমি প্রবাসে ভিন্ন মর্যাদা পেয়েছি। আমরা গর্বিত অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের জন্য। তাই স্বাধীনতার মাসের প্রথম দিনই আমরা ছুটে এসেছি তাঁদের শ্রদ্ধা জানাতে। কারণ তাঁদের ঋণ যে কোনোদিনই শোধ হওয়ার নয়।’

জাহিদুর রহমান