কুমিল্লা আদর্শ সদর উপজেলায় উপনির্বাচন চলছে
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টা থেকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফের মৃত্যুর কারণে ওই উপজেলার চেয়ারম্যান পদটি খালি হয়।
আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এবং বিএনপি (ধানের শীষ) মনোনীত প্রার্থী মো. রেজাউল কাইয়ুম।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত এই উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানা গেছে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে বিজিবি, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাচনী এলাকায় চারজন নির্বাহী ও একজন বিচারিক হাকিম দায়িত্ব পালন করছেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদে উপনির্বাচনে ৫৬টি কেন্দ্রে এক লাখ ৯১ হাজার ৪৫২ জন ভোটার রয়েছেন।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা