‘জান দেবো, জমি দেবো না’
ঢাকার কেরানীগঞ্জে সংসদ সদস্যদের (এমপি) আবাসন প্লটের জন্য রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) দেওয়া জমি অধিগ্রহণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সভা করেছেন হাজারো মানুষ।
আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা ধরে চলে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ। উপজেলার বছিলা ইউনিয়ন থেকে কলাতিয়া ইউনিয়ন পর্যন্ত প্রায় নয় কিলোমিটর দীর্ঘ এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিভা রানী সরকার নামের একজন বিক্ষোভকারী বলেন, ‘আমাদের বাপদাদার ৪০০ বছরের পুরোনো ভিটা অধিগ্রহণ করতে দেবো না। জান দেবো, তো জমি দেবো না।’
কলাতিয়া গ্রামের বাসিন্দা আমির হোসেন জানান, রাজউক যে ছয় হাজার একর জমি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে, তা অযৌক্তিক ও হঠকারী। এটি বাস্তবায়ন হলে এই এলাকা চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে।
স্থানীয় শিক্ষক আবদুল মজিদ জানান, এ প্রস্তাবনার মধ্যে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোও রয়েছে। এ প্রস্তাবনা বাস্তবায়ন হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে।
মানবব্ন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ গ্রামবাসী দল-মত নির্বিশেষে মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাঁরা রাস্তার দুই পাশে ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করেন।
রাজউক তাদের প্রস্তাবনায় কেরানীগঞ্জের ১৮টি মৌজায় কৃষিজমি, বাড়িঘর, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, কারখানার জমিসহ প্রায় ছয় হাজার একর জমিতে আট হাজার প্লট তৈরির প্রস্তাব দিয়েছিল।

দেলোয়ার হোসেন, কেরানীগঞ্জ