মোটরসাইকেলের সংঘর্ষ, দুজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা যান। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে জেলার বহলাবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেলের চালক ডলার ও আরোহী রাজু। আহত হয়েছেন আরেক মোটরসাইকেলের চালক অসীম।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহম্মেদ বলেন, বিকেলে চাঁপাইনবাবগঞ্জগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বহলাবাড়ি মোড়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজু মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে ডলার মারা যান। অপর মোটরসাইকেল চালক অসীমকে আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ