মাসে মাসে অপরাধ বাড়ছে দেশে
রাজধানী ঢাকায় গত মার্চ মাসে অপরাধ সংঘটিত হয়েছে ৬০৬টি। এপ্রিল মাসে এসে সেই অপরাধের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৫। আর মে মাসে তা দাঁড়িয়েছে ৭২০টিতে।
এটি সরকারি পরিসংখ্যান। শুধু রাজধানী নয়, দেশের সাতটি বিভাগ ও সব মেট্রোপলিটন শহরের চিত্রও একই, মাসে মাসে বেড়ে চলছে অপরাধ।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার ২০১৫ সালের জুন মাসের বিভাগীয় কমিশনার সমন্বয় সভার কার্যপত্রে এ হিসাব দেওয়া হয়েছে। গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
তবে এ বিষয়ে বা এই কার্যপত্র সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বৃহস্পতিবার রাতে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। না জেনে তো বলতে পারব না। আগে জানি তারপর বলতে পারব।’
কার্যপত্রের পরিসংখ্যানে বলা হয়েছে, প্রতি মাসে সারাদেশে বাড়ছে খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণের মতো বিভিন্ন ধরনের অপরাধের মাত্রা। ২০১৫ সালের মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে অপরাধের সংখ্যা বেড়েছে ৮৪টি। এর এক মাস পর অর্থাৎ মে মাসে অপরাধ বেড়েছে ২৮৩টি।
খুন, ধর্ষণ, ডাকাতি, অগ্নিসংযোগ, অপহরণ, এসিড নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধগুলোকেই কার্যপত্রে হিসাব করা হয়েছে।
২০১৫ সালের মার্চ, এপ্রিল ও মে মাসের বিভাগভিত্তিক তুলনামূলক অপরাধচিত্রে দেখা যায়, বন্দরনগরী চট্টগ্রামে মার্চ মাসে অপরাধের সংখ্যা ছিল ৪৬৮টি, এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ৪৭৫টি এবং মে মাসে তা দাঁড়ায় ৪৯৩টিতে।
রাজশাহীতে মার্চ মাসে ২৬৬টি অপরাধ সংঘটিত হয়, এপ্রিলে ঘটে ২৭০টি এবং মে মাসে সেখানে ৩২২টি অপরাধ সংঘটিত হয়।
খুলনা নগরীতে মার্চ ও এপ্রিল মাসে সংঘটিত অপরাধের সংখ্যা ছিল যথাক্রমে ২৫৫ ও ২৯২টি। মে মাসে এসে নগরীর মোট অপরাধের সংখ্যা দাঁড়ায় ৩১২টিতে।
বরিশালে তিন মাসে অপরাধের সংখ্যা যথাক্রমে ১৫৫, ১৪৮, ১৮৩ টি। সিলেটে মার্চ, এপ্রিল ও মে মাসে অপরাধের সংখ্যা ১১৬, ১০৫ ও ১৪৮ টি। বরিশাল ও সিলেটে মার্চ মাসের চেয়ে এপ্রিল মাসে অপরাধ সামান্য কমলেও মে মাসে গিয়ে তা বেড়েছে।
রংপুরে মার্চ মাসে সংঘটিত হয় ২৩৯টি অপরাধ। এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়ায় ২৬০টি এবং মে মাসে শহরটিতে অপরাধের সংখ্যা ছিল ২৭৫টি।
এ ছাড়া সব বিভাগকে বাদ দিয়ে শুধু দেশের মেট্রোপলিটন এলাকাগুলোতে মার্চ মাসে সৃষ্ট অপরাধের সংখ্যা ছিল ৩৩১টি। এপ্রিল মাসে এ সংখ্যা কিছুটা কমে দাঁড়ায় ৩১৫তে। মে মাসে তা বেড়ে দাঁড়ায় ৩৫০টিতে।

নিজস্ব প্রতিবেদক