‘আশা করি মানুষ ভোটাধিকার ফিরে পাবে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এই সংকটময় সময়েও আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আশা করি মানুষ আগামীতে ভোটাধিকার ফিরে পাবে, মানবাধিকার ফিরে পাবে, আইনের শাসন ফিরে পাবে। জীবনের নিরাপত্তা ফিরে পাবে।’
আজ মঙ্গলবার নগরীর মেহেদী বাগের বাসায় এলাকাবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
একই সময়ে কাজীর দেউরী ভিআইপি টাওয়ারের বাসায় শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
এ সময় আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে পারছি না। সরকারের কাছে দাবি অবিলম্বে একটি গোলটেবিল হোক, আলোচনা হোক যে প্রক্রিয়াই হোক না কেন একটি একমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে একটি নির্বাচন হোক। যে নির্বাচনের মাধ্যমে জনগণ নিজের ইচ্ছেমতো ভোটাধিকার প্রয়োগ করবে।’

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম