আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গোপালগঞ্জে একজন নিহত
আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ফলসি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আরিফ কাজী (৩৫)। গভীর রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি উপজেলার নিজামকান্দি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উপজেলার নিজামকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি নওশের আলী ও মোখলেসুর রহমান মাস্টারের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গতকাল রাতে তাদের মধ্যে সংঘর্ষ হয়।
নিজামকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েল অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি কয়েকজন ব্যক্তিকে নিয়ে সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান ওরফে মুকু মাস্টারের বাড়িতে ঈদের দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে ফলসি গ্রামের তেঁতুলবাড়ির সামনের সড়কের কাছে হাজি নওশের আলীর ছেলে লাল্টু সরদার ও তার ভাইয়েরাসহ বেশ কিছু লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরির আঘাতে তাঁর চাচাশ্বশুর আরিফ কাজী (৩৫) ও কামাল শেখ (৩২) গুরুতর আহত হন। এ সময় আরো তিন থেকে চারজন আহত হয়।
গুরুতর অবস্থায় আরিফ কাজী ও কামাল শেখকে রাতেই গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে আরিফ কাজী মারা যান।
তবে এ বিষয়ে জানতে হাজি নওশের আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি বলে জানান ওসি।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ