বেড়ায় মেয়র ও কাউন্সিলর পদে ৮৪ জনের মনোনয়নপত্র দাখিল
আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ ১৬ বছর পর আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনার বেড়া পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার মোট ৮৪ প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৬৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ আগস্ট; প্রতীক বরাদ্দ ১১ আগস্ট। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট। গত ৭ জুলাই বেড়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
১৯৮৮ সালের ১৭ এপ্রিল যাত্রা শুরু করা তৃতীয় শ্রেণির বেড়া পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয় ২০০১ সালে। সর্বশেষ বেড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি, যার মেয়াদ শেষ হয় ২০০৪ সালের ১৪ এপ্রিল। সীমানা-সংক্রান্ত মামলার জটিলতায় এত দিন নির্বাচন হয়নি বেড়া পৌরসভার। সম্প্রতি সব আইনি জটিলতা শেষে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেন উচ্চ আদালত।

এ বি এম ফজলুর রহমান, পাবনা