সাড়ে তিন বছরের শিশুকে হত্যা, মা-সৎবাবা আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামে নূর নবী নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পুলিশ শিশুটির মা ও সৎবাবাকে আটক করেছে।
গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম জাকারিয়া জানান, আজ ভোরে দুবইল গ্রামের এমদাদুল হকের বাড়িতে রোজিনা বেগমের কান্নাকাটি শুনতে পান স্থানীয়রা। তারা ছুটে গিয়ে বাড়ির ভেতর রোজিনার শিশু ছেলে নূর নবীর লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
এস এম জাকারিয়া বলেন, শিশুটির মুখ ও কান দিয়ে রক্ত বের হয়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার গভীর রাতে সৎবাবা এমদাদুল হক শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করেছে।
পুলিশ এ ঘটনায় শিশুটির মা ও সৎবাবাকে আটক করেছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এস এম জাকারিয়া।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ