অষ্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১
কিশোরগঞ্জের অষ্টগ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৩টা ৫০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে অষ্টগ্রাম আর্মি ক্যাম্পের যৌথ বাহিনী।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. সোহেল খাঁন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে মো. খোরশেদ আলমের (৪০) নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার খোরশেদ আলম ওই এলাকার মো. দৌলত খাঁর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন মেজর মোহাম্মদ শায়খুল ইসলাম (২৭ আরই ব্যাটালিয়ন)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি বিদেশি পিস্তল, দুইটি চাইনিজ কুড়াল, চারটি চাকু, একটি হাতলসহ চেইন, পাঁচটি রামদা, পাঁচটি ছুরি, তিনটি চাপাতি, একটি হুকসহ অন্যান্য সরঞ্জাম রয়েছে। এছাড়াও অভিযানে একটি ক্যামেরা, একটি হ্যান্ড শো, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং তিনটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যেই এসব বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র নিজ বাড়িতে মজুত করে রাখা হয়েছিল।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অষ্টগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা)