এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৩ লাখ টাকা জরিমানা
গাজীপুরের কালীগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : এনটিভি
গাজীপুরে পাইকারি পর্যায়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় অংকের জরিমানা করা হয়।
সোমবার (৬ এপ্রিল) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিএম এনার্জি এলপি গ্যাস প্লান্টে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল এবং গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব।
অভিযানের সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিএম এনার্জি কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এখলাছ উদ্দিন, গাজীপুর (কালীগঞ্জ-কাপাসিয়া)