ওআইসি মহাসচিব ঢাকায়
চারটি ওআইসি সদস্য দেশ সফরের অংশ হিসেবে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব ইয়াদ আমিন মাদানি বাংলাদেশে তিন দিনের সফরে বিকেলে ঢাকা পৌঁছেছেন।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা বাসস। এটি ওআইসি মহাসচিবের বাংলাদেশে দ্বিতীয় সফর। তিনি ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
এ সফরকালে মাদানি আগামীকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিকেলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
ওআইসি মহাসচিব আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) পরিদর্শন করবেন।
সূত্র জানায়, এ সফরকালে মাদানি বাংলাদেশের নেতৃবৃন্দকে সংস্থার গৃহীত বিভিন্ন কর্মসূচি, উদ্যোগ ও সহযোগিতামূলক এজেন্ডা সম্পর্কে অবহিত করবেন এবং ইসলামী উম্মাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় ও পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক