শিশুটি মা-বাবার কাছে যেতে চায়
ঢাকার সাভার পৌর এলাকার হেমায়েতপুরে নানার সঙ্গে গরুবাহী ট্রাক থেকে নেমেছিল বাবু নামের ছেলেশিশুটি। এর কিছুক্ষণের মধ্যেই সে নানাকে হারিয়ে ফেলে। এর পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুমানিক ১০ বছর বয়সী শিশুটির কোনো অভিভাবক পাওয়া যায়নি। রাস্তায় দাঁড়িয়ে কান্নারত অবস্থায় থাকা শিশুটিকে সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার করে সাভার থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, শিশুটিকে নিরাপদে রাখা হয়েছে। নানাভাবে তাঁর কান্না থামানোর চেষ্টা চলছে।
ওসি আরো জানান, শিশুটি পুলিশকে জানিয়েছে, সে মাদ্রাসার ছাত্র। তার বাবার নাম এমদাদুল। বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার বিন্দীবাজার এলাকায়। কিন্তু কোনো মোবাইল নম্বর না থাকায় তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ ব্যাপারে ময়মনসিংহ জেলা পুলিশের মাধ্যমে অভিভাবকের খোঁজ চলছে। এ ছাড়া শিশুটির অভিভাবকের সন্ধান পেতে গণমাধ্যমের সহায়তাও চাওয়া হয়েছে।

জাহিদুর রহমান