রাজশাহীতে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় র্যাব ও পুলিশ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কাশিয়াডাঙ্গা চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। তবে দুই বাহিনীর কর্মকর্তারা বলছেন, উত্তপ্ত বাক্য বিনিময় ও ভুল বোঝাবুঝি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ বিকেলে রাজপাড়া থানার পুলিশ কাশিয়াডাঙ্গা ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল। এ সময় ওই দিক দিয়ে সাদা পোশাকধারী দুজন র্যাব সদস্য যাচ্ছিলেন। পুলিশ সদস্যরা তাঁদের মোটরসাইকেল থামানোর সংকেত দেন। র্যাব সদস্যরা মোটরসাইকেল নিয়ে একটু দূরে গিয়ে থামেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য গিয়ে তাঁদের চ্যালেঞ্জ করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
তবে রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান জানান, র্যাবের দুই সদস্য সিভিল ড্রেসে থাকায় পুলিশ সদস্যদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটলেও হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তাৎক্ষণিকভাবেই সমাধান হয়ে গেছে বলে জানান তিনি।
অপরদিকে র্যাব ৫-এর মেজর আবদুর রহিম জানান, কয়েকজন র্যাব সদস্য ওই দিক দিয়ে আসার সময় পুলিশ সিগন্যাল দিয়ে তাদের তেড়ে ধরার চেষ্টা করে। এ নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।

শ. ম সাজু, রাজশাহী