ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে, ট্রেন চলাচল ব্যাহত
নাটোর সদর উপজেলায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে আটকে পড়ায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা ও উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল।
গতকাল বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার তেবাড়িয়া রেলক্রসিংয়ে মালবাহী ট্রাকটি আটকে পড়ায় ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, গত রাত আড়াইটার দিকে মালবাহী একটি ট্রাক নাটোর শহরের তেবাড়িয়া রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে আটকা পড়ে। এতে করে বন্ধ হয়ে যায় এ পথের সব ট্রেন চলাচল। নাটোরসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি আন্তনগর ট্রেন।
পরে সকাল সোয়া ৬টার দিকে হাইওয়ে পুলিশ ট্রাকটি সরাতে সক্ষম হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান এসআই মোজাম্মেল।

হালিম খান, নাটোর