নাটোরে বাস-পিকআপের সংঘর্ষে তিন শ্রমিক নিহত
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ট্রাক ও পিকআপভ্যানের মধ্যে সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার নাটোর-সিরাজগঞ্জ সড়কের রানীগ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন সিরাজগঞ্জের তাড়াশের আবদুল কাদের (৫০) ও রুহুল আমিন (৩৫)। বাকি একজনের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
ওসি দেলোয়ার হোসেন বলেন, সকালে সিরাজগঞ্জ থেকে একটি পণ্যবাহী ট্রাক এবং শ্রমিকদের নিয়ে একটি পিকআপভ্যান নাটোরের দিকে যাচ্ছিল। রানীগ্রাম এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা তিন শ্রমিক নিহত হন।
মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।

হালিম খান, নাটোর