ক্ষেতলালে ধানক্ষেত থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পুটিমাড়ি সেতু এলাকার একটি ধানক্ষেত থেকে আবদুল হাকিম নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
আবদুল হাকিমের বাড়ি ক্ষেতলালের তালশন গ্রামে। তাঁর বাবার নাম হোসি মিয়া।
পুলিশের দাবি, আবদুল হাকিমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পুটিমাড়ি ব্রিজ এলাকার একটি ধানক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, কেন, কী কারণে আবদুল হাকিমকে হত্যা করা হয়েছে, তা তদন্ত না করে বলা যাবে না। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট