জয়পুরহাটে বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আইনজীবীদের আদালত বর্জন
ছবি : এনটিভি
ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট জেলা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল মজিদের অবকাশকালীন আদালত বর্জন শুরু করেছে জেলা আইনজীবী সমিতি।
আজ সোমবার জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল মজিদের অবকাশকালীন আদালত বর্জন করেন আইনজীবীরা। গতকাল রোববার বিকেলে জয়পুরহাট জেলা আইনজীবী ভবনে আইনজীবী সমিতির সভাপতি কাজী রাব্বিউল হাসান মোনেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তে আরো বলা হয়, যত দিন আব্দুল মজিদকে অন্যত্র বদলি না করা হবে তত দিন জয়পুরহাটের আইনজীবীরা তাঁর আদালতে কোনো মামলা পরিচালনা করবেন না।
এ ছাড়া জাল কাগজপত্র তৈরির মাধ্যমে আসামিকে জামিন করানোর অভিযোগে নাজমুল ইসলাম নামের এক আইনজীবীকে সমিতি থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় ওই সভায়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট