সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার বৈশর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জায়গা-জমি নিয়ে সরাইলের বৈশর গ্রামে অ্যাডভোকেট মোখলেছুর রহমানের সঙ্গে বিল্লাল মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে আজ সোমবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া