ভৈরবে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে মো. লোকমান হোসেন সরকার নামের এক কাউন্সিলর পদপ্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
লোকমান ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং আসন্ন নির্বাচনে একই ওয়ার্ড থেকে টেবিল-ল্যাম্প প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গতকাল রোববার রাত ৮টার পর লোকমান সরকার রাত ১১টার দিকে প্রচার চালাচ্ছিলেন। এ সময় ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এই জরিমানা করেন।
আগামী বুধবার সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচন হতে যাচ্ছে।

মোস্তাফিজ আমিন, ভৈরব