নওগাঁয় অস্ত্র মামলায় অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন
নওগাঁয় তিনটি বিদেশি পিস্তল ও গুলি রাখার দায়ে অস্ত্র আইনে করা মামলায় হোসেন আলী নামের এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর বিশেষ ট্রাইব্যুনাল-১ এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আরিফুর রহমান এ রায় দেন।
যাবজ্জীবন সাজা পাওয়া আসামি হোসেন আলী মণ্ডলের (৪২) বাড়ি নওগাঁ সদর উপজেলার শালুকা মণ্ডলপাড়া গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৯ নভেম্বর বিকেলে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নওগাঁ সার্কেলের পরিদর্শক সাইদুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকায় মাদকবিরোধী ও বিশেষ অভিযান চালান। তারা খবর পান জেলার নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজার এলাকা থেকে নওগাঁগামী একটি বাসে এক যুবক অস্ত্র ও গুলি নিয়ে আসছে। বিকেল ৫টার দিকে বাসটি থামিয়ে যাত্রী হোসেন আলী মণ্ডলের কোমরে রাবার দিয়ে বিশেষভাবে বাধা তিনটি বিদেশি পিস্তল ও ১২টি তাজা গুলিসহ আটক করা হয়।
পরে মাদকদ্রব্যের পরিদর্শক নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল ১-এ এলে বিচারক আজ রায় দেন।
মামলাটি রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল খালেক ও আসামিপক্ষে অ্যাডভোকেট অমরেন্দ্রনাথ ঘোষ পরিচালনা করেন।

আসাদুর রহমান জয়, নওগাঁ