ভিসার আশ্বাসে অর্থ আত্মসাৎ, চার আসামি রিমান্ডে
ভিসা প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে মো. মতিউর রহমানসহ চার আসামির রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।
এদিন ঢাকার সিএসএম আদালতে মামলার তদন্তকর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূইয়া আসামিদের হাজির করে সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন- রাবেয়া খাতুন তানিয়া, সাইদুর রহমান ও মো. তানজির ইসলাম। এদের মধ্যে তানজিরের চার দিন ও অন্য তিন আসামির পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
নথি থেকে জানা গেছে, ভিসা গাইড কোম্পানি ‘জাস্ট থট এডুকেশন কনসালটেন্ট’ স্টুডেন্ট ভিসার মাধ্যমে চার মাসের মধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর আশ্বাস দেন। পরে বিভিন্ন সময়ে কোম্পানিটি ৯১ জন শিক্ষার্থীর কাছে থেকে মোট আট কোটি ৩৮ লাখ ৯৪ হাজার টাকা নেন। শিক্ষার্থীদের থেকে অর্থ নেওয়ার পর নির্ধারিত সময় অতিবাহিত হলেও তাদের বিদেশে পাঠানো হয়নি। ভুক্তভোগী শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে কোম্পানিটিতে গেলে সেখান থেকে স্টুডেন্ট ও ফ্যামিলি ভিসা প্রসেসিংয়ের আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরে কোম্পানিটি শিক্ষার্থীদের বিদেশে না পাঠিয়ে তাদের টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় ৮ জুলাই ভুক্তভোগীদের পক্ষে আল আমিন নামে একজন বাদী হয়ে মামলা করেন। মামলাতে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়।

আদালত প্রতিবেদক