জয়পুরহাটের অপহৃত রোজিনা এখন ভারতের শেল্টার হোমে
সীমান্তবর্তী আটাপাড়া রেলগেট এলাকার নিজ বাড়ি থেকে অপহৃত হওয়া ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী রোজিনা আক্তার এখন ভারতের দক্ষিণ দিনাজপুরের মালদা জেলার শেল্টার হোমে (জেল) আটক রয়েছে।
মেয়েকে ভারতের শেল্টার হোম থেকে উদ্ধারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানিয়েছেন রোজিনার গরিব বাবা আবদুল আজিজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, অপহৃত রোজিনা আটাপাড়া রেলগেট এলাকার পান-বিড়ির দোকানি আবদুল আজিজের মেয়ে। ১২/১৩ বছর বয়সের কিশোরী রোজিনা আক্তার তার বাড়িসংলগ্ন আটাপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পঞ্চম শ্রেণি থেকে এবার সে ষষ্ঠ শ্রেণিতে উঠেছে। গত ১ জানুয়ারি সে স্কুল থেকে তার ক্লাসের নতুন বই নিয়ে ফিরে নিজ বাসাতেই ছিল। ওই দিন বিকেল ৪টার দিকে মা-বাবার অনুপস্থিতিতে কয়েকজন দুর্বৃত্ত তাদের বাসায় ঢুকে রোজিনা আক্তারকে অপহরণ করে। পরে তাকে তারা ভারতে পাচার করে দেয়।
আত্মীয়স্বজনের এলাকাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও মেয়েটিকে পাওয়া যায়নি। এ ব্যাপারে ৪ জানুয়ারি রোজিনার বাবা আবদুল আজিজ পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি করেন (যার মামলা নম্বর ১৪৩)।
প্রায় এক সপ্তাহ আগে রোজিনার বাবা আবদুল আজিজ একাধিক সূত্র থেকে জানতে পারেন, তাঁর মেয়েকে অপহরণ করার পর ভারতে পাচার করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ব্যক্তিগতভাবে ভারতের বিভিন্ন স্থানে নিজস্ব লোক মারফত খোঁজখবর নিয়ে তিনি নিশ্চিত হয়েছেন, তাঁর মেয়ে ভারতের বালুর ঘাটে ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পর বর্তমানে সে ভারতের মালদা জেলার শেল্টার হোমে আটক রয়েছে।
মেয়ে রোজিনাকে উদ্ধার করে বাংলাদেশে নিজ বাড়িতে ফিরিয়ে আনতে জয়পুরহাট জেলা পুলিশ সুপারের ডিএসবি শাখাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন রোজিনার বাবা আবদুল আজিজ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট