জয়পুরহাটে বাস থেকে যুবক আটক, হেরোইন উদ্ধার
জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ী বাজার এলাকায় একটি বাস থেকে মোস্তাকিন হোসেন (৩৭) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শনিবার রাত ৯টার দিকে মোস্তাকিনকে আটক করা হয়। তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামে।
র্যাবের দাবি, মোস্তাকিন মাদক ব্যবসায়ী। তাঁকে আটকের পর ভারত থেকে চোরাপথে আনা ৮০০ গ্রাম হেরোইন, এক হাজার ৮৯০ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. হাসান আরাফাত জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইন পাচার করে যাত্রীবাহী নৈশকোচযোগে ঢাকায় যাচ্ছে—এমন খবর পেয়ে মঙ্গলবাড়ী বাজারে অভিযান চালানো হয়। সেখানে ‘মহন্ত পরিবহন’ নামে একটি বাস থেকে মোস্তাকিনকে আটক করা হয়।
মেজর হাসান আরাফাত আরো জানান, আটক হেরোইন বেশি মূল্যে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচারের কথা স্বীকার করেছেন মোস্তাকিন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট