জয়পুরহাটে পল্লীবিদ্যুতের উপকেন্দ্র উদ্বোধন
জয়পুরহাট সদর উপজেলার ৪৫টি গ্রামে গতকাল রোববার বিকেলে নতুন করে প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ সুবিধা নিশ্চিত করতে জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির আরো একটি উপকেন্দ্র চালু করা হয়েছে।
এ উপলক্ষে বিকেলে সদর উপজেলার জামালপুর চারমাথায় জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির আয়োজনে এ বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম।
জাপান সরকারের আর্থিক সহায়তায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতি-২ নামের এ উপকেন্দ্রটির ক্ষমতা ৩৩/১১ কেভি ৫এমভিএ। এ উপকেন্দ্রের মাধ্যমে ওই এলাকার প্রায় ৪৫টি গ্রামে নতুন করে কমপক্ষে ২০০ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ হাজার পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আবদুল কুদ্দুস, এজিএম অমল কুমার ঘোষ, এজিএম আবদুল বারীসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট