চলতি মাসে বিচার বিভাগের বেতন বৃদ্ধির বিষয়ে সুরাহা : অর্থমন্ত্রী
চলতি মাসেই বিচার বিভাগের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি সুরাহা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আজ মঙ্গলবার বিকেলে সিলেটে ইসলামিক ফাউন্ডেশনের ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরাধ ও প্রাক-খুতবা পর্যালোচনা বিষয়ক খতিব সম্মেলনে’ অর্থমন্ত্রী বিচার বিভাগের বেতন বৃদ্ধির বিষয়টি জানান।
মন্ত্রী জানান, বিচার বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এখনো পুরোনো নিয়মে বেতন পাচ্ছেন। তাঁদের বিতন বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি আরো বলেন, ইমাম-খতিবরা ইসলামের শান্তির বাণী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সন্ত্রাস-জঙ্গিবাদ বিস্তার রোধে তাঁদের আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজল, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালালুদ্দীন আল কাদেরী।
সম্মেলনে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার ইমাম ও খতিবরা অংশ নেন।

মঈনুল হক বুলবুল, সিলেট