মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মানববন্ধন
মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সদস্য-সচিব ভবতোষ চৌধুরী নূপুর, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, মীর নাছির উদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক কাজী দীপু, মোজাম্মেল হোসেন সজল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট লাভলু মোল্লা, দিনকালের জেলা প্রতিনিধি গুলজার হোসেন, দেশটিভির জেলা প্রতিনিধি সুজন হায়দার জনি, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি সেতু ইসলাম, মাই টিভির জেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, টঙ্গীবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম বেপারীসহ উপজেলা ও জেলার সাংবাদিকরা।
সাংবাদিকরা অভিযোগ করে বলেন, হামলাকারী এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সাংবাদিকেদের নানাভাবে হুমকি দিচ্ছে। এতে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবে কিনা সন্দেহ। পূর্বপরিকল্পনার অংশ হিসেবে সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং নির্বাচনে সাংবাদিকদের শান্তিপূর্ণভাবে কাজ না করতে দিতে এ হামলা চালানো হয়েছে বলে সাংবাদিকরা অভিযোগ করেন।
গত ৫ মার্চ শ্রীনগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিনে শ্রীনগর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি অধীর রাজবংশী এবং দৈনিক রূপবাণীর স্টাফ রিপোর্টার মীর রাতুল পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন। পরদিন অধীর রাজবংশী এ ঘটনায় জড়িত স্থানীয় সন্ত্রাসী জুয়েল লস্কর, ফাহিম হোসেন প্রিন্স, রুবেল জয়, পারভেজসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করেন। মামলা নম্বর ৪/১৬।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ