কেরানীগঞ্জে শিশু নিহতের ঘটনায় মামলা
ঢাকার কেরানীগঞ্জের মধুরচরে ভোটকেন্দ্রে সহিংসতায় শিশু নিহত হওয়ার ঘটনায় একটি মামলা করা হয়েছে।
অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শিশুটির চাচা সলল কাজী বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি করেছেন।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বার্তা সংস্থা ইউএনবিকে বিষয়টি জানিয়েছেন।
দ্বিতীয় দফা নির্বাচনের দিন বৃহস্পতিবার মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার সময় এলোপাতাড়ি গুলিতে ধলিকান্দি গ্রামের হালিমের ছেলে শুভ (১০) নিহত হয়।
ওই দিনের ঘটনা সম্পর্কে ওসি ফেরদৌস হোসেন বলেন, ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার ১০টা ২০ মিনিটের দিকে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই সময় যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রকাশ্যে গুলি ছুড়তে থাকে। এর একটি গুলি শুভর গায়ে লাগে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওই সংঘর্ষে আরো ১০-১২ জন লোক আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনলাইন ডেস্ক