আদালতের নির্দেশ মানা উচিত খালেদা জিয়ার
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার উচিত আদালতের নির্দেশ মানা।
আজ রোববার মাদারীপুরে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। সেই বক্তব্যে উল্লিখিত কথা বলেন তিনি।
গত ৩০ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই দিন বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
সেই পরোয়ানার বিষয়ে মোহাম্মদ নাছিম বলেন, ‘আদালত আইন অনুযায়ী যেকোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। এ ব্যাপারে আমাদের সরকারের কিছুই করার নেই। আদালত স্বাধীন। তারা যেকোনো সিদ্ধান্ত দিতে পারে। আমি মনে করি, আদালতের যেকোনো নির্দেশ বেগম খালেদা জিয়াকে মান্য করা উচিত। কোর্টে গিয়ে তাঁর আইনজীবীর সহযোগিতা নেওয়া উচিত।’
মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রীব বলেন, মাদারীপুরে অচিরেই একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের সিভিল সার্জন দিলীপ কুমার।

এম. আর. মুর্তজা, মাদারীপুর