জড়িতরা আজকের মধ্যে গ্রেপ্তার না হলে কাল হরতাল
বান্দরবানের থানচিতে তিন ব্যবসায়ীকে অপহরণের পর হত্যায় জড়িত ব্যক্তিরা আজ মঙ্গলবার রাত ১২টার মধ্যে গ্রেপ্তার না হলে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।
আজ মঙ্গলবার দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয় পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সাহাব উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি নূরুল আলম, বাঙ্গালী সমধিকার আন্দোলনের নেতা মোহাম্মদ আলম, শ্রমিক ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ মোস্তফাসহ সংগঠনের নেতারা।
শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সাহাব উদ্দিন বলেন, আলীকদমের তিন ব্যবসায়ীকে অপহরণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। থানচিতে তিন মাস আগেও আরো তিনজন বাঙালিকে অপহরণের পর গলা কেটে হত্যা করা হয়েছিল। তিন ব্যবসায়ীর হত্যাকারীদের আজ রাত ১২টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামীকাল বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে। জেলায় সব ধরনের যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। হরতালে বাধা দিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এদিকে, তিন ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে থানচি উপজেলায় আজ সকাল থেকেই দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে থানচি বাজারে হরতাল পালন করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সংঘর্ষ এড়াতে থানচিতে পুলিশসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হরতালের কারণে থানচিতে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তিন ব্যবসায়ী হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে হরতাল চলছে।
গত শুক্রবার আবু বক্কর (৪০), শাহাব উদ্দিন (২৫) ও আফসার আলী (৩৫) নামের আলীকদমের তিন ব্যবসায়ী গরু কিনতে আড়াই লাখ টাকা নিয়ে থানীচ উপজেলার ডিম পাহাড়ে যান। এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তিনজনকে অপহরণ করে। পরে ব্যবসায়ী আবু বক্করের ছোট ভাই আবুল হাসেমকে মোবাইল ফোনে বিষয়টি জানানো হয়।
অপহরণকারীদের কথামতো মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকাও পাঠান আবুল হাসেম। এর পর গতকাল সোমবার ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি আবুল হাসেমকে জানান, অপহৃতদের লাশ ডিম পাহাড়ের ঝিরিতে পড়ে আছে। তার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অনেক খোঁজাখুঁজি করে লাশ তিনটি উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জীবন ত্রিপুরা (২৪), জন ত্রিপুরা (২৩), জন রবার্ট ত্রিপুরা (২৬), জসিং ত্রিপুরা (২২) নামের চারজনকে আটক করেছে পুলিশ।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান