তৈরি পোশাক খাতে উন্নতির প্রশংসা টিআইবির
নানা প্রতিকূলতা সত্ত্বেও তৈরি পোশাক খাতে উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপের বাস্তবায়ন সন্তোষজনক বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষে এ তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রাজধানীর ধানমণ্ডিতে মাইডাস সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
টিআইবির করা এক গবেষণা প্রতিবেদনের কথা উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান জানান, সুশাসন ও দুর্নীতি প্রতিরোধের জন্য ২০১৫ ও ২০১৬ সালে নেওয়া ৬৮টি উদ্যোগের মধ্যে বাস্তবায়ন হয়েছে ৪২টির। তবে কারখানায় অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা কার্যকর, শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার, পোশাকপল্লী স্থাপনসহ বেশ কয়েকটি উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি লক্ষ করা যাচ্ছে বলেও গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টিআইবির এ নির্বাহী পরিচালক বলেন, ‘কারখানার নিরাপত্তার ক্ষেত্রে এবং অগ্নিনির্বাপণের ক্ষেত্রে কারিগরি অগ্রগতি হয়েছে। ন্যূনতম মজুরি, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, এটা নিয়ে প্রশ্ন আমরা সবাই উত্থাপন করতে পারি। প্রভাবমুক্ত পরিবেশে যাতে কার্যক্রম চলতে পারে, অবশ্যই আইনি কাঠামোর ভেতরে, অবশ্যই সে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।’
তবে রানা প্লাজা ধস ও অন্যান্য প্রতিকূলতা সত্ত্বেও গার্মেন্ট খাতের অগ্রগতি ভালো বলে মনে করে টিআইবি।

নিজস্ব প্রতিবেদক