রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় : ইফতেখারুজ্জামান
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ।
শনিবার (১৬ মে) রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়, একইসঙ্গে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারে টিআইবি ও সনাক, রাজবাড়ীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টিআইবি’র নির্বাহী পরিচালক।
ড. ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বের যেসব দেশ দুর্নীতি নিয়ন্ত্রণে সফল হয়েছে, সেখানে রাজনৈতিক নেতৃত্ব ও নাগরিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একইসঙ্গে দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে। নাগরিকরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকলে সরকারও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত হবে।
নবগঠিত কমিটিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. আবুল হোসেন কলেজের সহযোগী অধ্যাপক মো. আতিয়ার রহমান। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট নাজমা সুলতানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ফজলুল হক মন্ডল।
এছাড়া কমিটিতে রয়েছেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. নুরুজ্জামান, সংস্কৃতিকর্মী মো. আবুল বাসার চৌধুরী, সহকারী অধ্যাপক সানজিদা আক্তার, শিক্ষক রাবেয়া খাতুন, ব্যবসায়ী মো. দিদারুল হক হিরু, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহা, পরিমল চন্দ্র মন্ডল, আব্দুল মান্নান, প্রশিক্ষক সঞ্জয় কুমার ভৌমিক, শিক্ষক মোছা. সেলিনা খাতুন, প্রভাষক শয়ন শিকদার, নারী উদ্যোক্তা খাদিজাতুল কুবরা নাজমা, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সৈয়দ শাহজাহান এবং উৎসাহী নারী ও শিশু কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছা. তাহমিনা খাতুন।
টিআইবি’র কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট মো. আতিকুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় নবগঠিত কমিটির সদস্যরা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মো. কবির হোসেন, রাজবাড়ী