সরকারি কর্মকর্তাকে পেটানোর অভিযোগ আ. লীগের প্রার্থীর বিরুদ্ধে
লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এক সরকারি কর্মকর্তাকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পিটুনির শিকার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা আবু ছিদ্দিক ঋণ খেলাপী চিহ্নিত করার জন্য সেখানে গিয়েছিলেন।
আজ বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কুশাখালী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে তাঁর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
কুশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন তাঁর বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন।
বিআরডিবি কার্যালয় সূত্র জানায়, কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন উপজেলা বিআরডিবি কার্যালয়ের ঋণগ্রহিতা হিসেবে এক লাখ ৩৩ হাজার টাকা খেলাপি ছিলেন। সম্প্রতি তিনি কয়েক কিস্তিতে এক লাখ ৫ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ছিল ২৮ হাজার টাকা। এজন্যই তিনি ঋণ খেলাপিতে পরিণত হন। বিষয়টি উপজেলা বিআরডিবি কার্যালয় থেকে কুশাখালী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দিন সোহেলের কাছে লিখিতভাবে জানানো হয়।
দুপুর ২টার দিকে উপজেলা বিআরডিবি কার্যালয়ের পরিদর্শক ও কুশাখালী ইউনিয়নের ঋণ আদায়কারী আবু ছিদ্দিক ঋণ খেলাপি চিহ্নিত করার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় আওয়ামী লীগ নেতা নুরুল আমিন ও তাঁর ছেলে জুয়েল পরিদর্শক ছিদ্দিককে গলাধাক্কা ও কিলঘুষি মারতে থাকেন। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে। একপর্যায়ে ওই প্রার্থী খেলাপি ঋণের বাকি ২৮ হাজার টাকা পরিশোধ করেন।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন জানান, তিনি ঋণ খেলাপি নন। অন্যায়ভাবে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।
সদর উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা রাসেল সারোয়ার বলেন, পরিদর্শককে লাঞ্ছিত করার ঘটনাটি দুঃখজনক। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
কুশাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিজাম উদ্দিন সোহেল জানান, বিষয়টি তাৎক্ষণিক ইউএনও ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের জানানো হয়েছে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর