জয়পুরহাটে আন্তর্জাতিক সেমিনার শুরু
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী সমাজ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টায় জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং মিনারলজি অ্যান্ড মেটারলজির সম্মেলন কক্ষে এ সেমিনারের উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আবদুর রহিম।
সেমিনারে দক্ষিণ পূর্ব এশিয়ার ছয়টি দেশের বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী, সমাজকর্মী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
এশিয়ান রিসোর্স ফাউন্ডেশন এআরএফের মহাসচিব আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোফাখখারুল ইসলাম ও পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব।
সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে থাইল্যান্ডভিত্তিক বেসরকারি সংস্থা এশিয়ান রিসোর্স ফাউন্ডেশন (এআরএফ) জয়পুরহাটের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন- ডিএমএসএস ও নমিজন আফতাবী ফাউন্ডেশন।
সেমিনারে ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার ও বাংলাদেশের মোট ৬০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। আগামী ২২ মে সেমিনারটি শেষ হবে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট