যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নিহত পিকুলিয়া ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ। ফাইল ছবি
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাজিগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত খান মুরাদ পিকুলিয়া ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, উপজেলা পরিষদের টেন্ডার নিয়ে স্থানীয় দুর্বৃত্তদের সঙ্গে বিকেলে মুরাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি শাহ আলম আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যে বিশেষ অভিযান শুরু করেছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা