জয়পুরহাটে ঘূর্ণিঝড়ে শতাধিক বাড়ি লণ্ডভণ্ড
জয়পুরহাটের কালাইয়ে গতকাল বিকেলে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর। ছবি : এনটিভি
পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়েই লণ্ডভণ্ড হয়ে গেছে জয়পুরহাটের কালাই উপজেলার তিনটি গ্রামের শতাধিক বাড়ি। ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে মুরগির খামার, শেড (ঘর) ও গাছপালার। এ ছাড়া ঘূর্ণিঝড়ের পর থেকে ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড়ে এ বিপর্যয় ঘটে।
স্থানীয়রা জানান, ঝড়ে উপজেলার আতাহার, মোলামগাড়ি ও বাখড়া গ্রামের শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। টিনের চালা, বিদ্যুতের তার ও মিটার, মুরগির খামার ঘর, ঘরের টিন বাতাসে উড়ে যায়। গাছ উপড়ে ও ডালপালা ভেঙে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঝড়ের পর রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল হালদার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাদের সব ধরনের সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট