জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার রোধে যশোর সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ শুক্রবার (৬ মার্চ) বিকেলে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা বেনাপোল স্থলবন্দরসহ শার্শা ও চৌগাছা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা হয়েছে। অতীতে যেসব সীমান্ত রুট ব্যবহার করে ডিজেল ও পেট্রল পাচারের চেষ্টা হয়েছে, সেসব এলাকায় বাড়তি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দরের প্রবেশমুখে দেশীয় ও ভারতীয় ট্রাকের মালামাল পরিবহণের সময় ভারতে প্রবেশের আগে কঠোরভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হিরোন আহম্মেদ, যশোর (শার্শা-বেনাপোল)