শিবচরে বিএনপির প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম
মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ দলের কর্মীরা। পাশাপাশি তাঁর সব পোস্টার ছিড়ে ফেলেছে। এ ছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দীন মৃধা অভিযোগ করেন, আজ বেলা ১১টার দিকে তাঁর কাছে খবর আসে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজ্জামান বাবুল ব্যাপারির কর্মীরা পুরো এলাকায় তাঁর (গিয়াস) পোস্টার ছিড়ে ফেলছে। এমন খবরের ভিত্তিতে তাঁর কয়েকজন কর্মীকে বিষয়টি দেখতে পাঠান। তাঁর কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবুলের কর্মীরা চাপাতি, রামদা, হাসুয়া নিয়ে তেড়ে আসে। প্রাণভয়ে তাঁর কর্মীরা পালিয়ে এলেও তোফায়েল হাওলাদার (৩৯) নামের তাঁর এক কর্মীকে তারা কুপিয়ে আহত করে। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
গিয়াস উদ্দিন মৃধা অভিযোগ করেন, পুরো এলাকায় তাঁর পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। এ ছাড়া তাঁকে ও তাঁর কর্মীদের অনবরত হুমকি দিয়ে যাচ্ছে।
বিএনপি মনোনীত প্রার্থী অভিযোগ করেন, নির্বাচনের আগেই এক প্রকার প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বাবুল। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবেন।
এ দিকে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
অভিযোগের ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাবুল ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ঘটনাটি এখনো জানি না।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘আমি এখনো এ ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এম. আর. মুর্তজা, মাদারীপুর