মানিকগঞ্জে শান্তিপূর্ণ ভোট গ্রহণ
শান্তিপূর্ণভাবে মানিকগঞ্জ সদর উপজেলার ১০টির মধ্যে আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। নিচ্ছিদ্র নিরাপত্তায় ব্যবস্থায় এখন চলছে ভোট গণনার কাজ।
এর আগে আজ শনিবার সকাল ৮টায় একযোগে ৭৯টি কেন্দ্রে এই ভোট গ্রহণ শুরু করা হয়। তা চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
সকালে বৃষ্টির মধ্যেও ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে।
প্রার্থী ও ভোটারদের পদচারণায় ভোটকেন্দ্র এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এবারের পঞ্চম দফার তফসিলে এই জেলায় চতুর্থবার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর গড়পাড়া ও জাগীর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
এই আটটির মধ্যে সাতটি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মনোনীত ও স্বতন্ত্র ২৮ চেয়ারম্যন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেতিলা-মিতরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নাসির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ কারণে ওই ইউনিয়নে চেয়ারম্যান ছাড়া সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন হচ্ছে।
আটটি ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী রয়েছে দুই শতাধিক। ইউনিয়নে রয়েছে এক লাখ ২৪ হাজার ৬০৮ জন ভোটার। স্থায়ী ও অস্থায়ী ৭৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছে তারা। কেন্দ্রগুলোতে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। কোনো প্রার্থীই লিখিত অভিযোগ করেননি। পর্যাপ্ত পুলিশ, আনসার সদস্যের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে প্রতিটি কেন্দ্রে ভোট গণনার কাজ চলছে। আর ভ্রাম্যমাণ আদালত, বিজিবি ও র্যাব টহল এবং পুলিশের স্টাইকিং ফোর্স কাজ করছে।
দ্বিতীয় দফার তফসিলে গত ৩১ মার্চ সারা দেশের মতো প্রথমবার মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দফায় সারা দেশের ৬২০টির মধ্যে মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে।
আর চতুর্থ দফায় মানিকগঞ্জের সিংগাইর ও সাটুরিয়া উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম দফায় সদরের আটটি ইউনিয়নে ভোটগ্রহণ করা হলো।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ