পাঁচ নারী আনসার সদস্যের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন পাঁচ নারী আনসার সদস্য।
আজ রোববার ভোর ৫টার দিকে মিঠামইন সদরের বাজারঘাটে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্যরা হচ্ছেন—মোমেনা, সাবিনা, বিউটি, হাসিনা ও আমবিয়া। তাঁদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।
পাঁচজনই নিকলী উপজেলা আনসার ক্যাম্পের সদস্য। তাঁদের বাড়ি নিকলীর বিভিন্ন গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালন শেষে ওই আনসার সদস্যরা যাত্রীবাহী একটি ট্রলারে মিঠামইন থেকে নিকলী ফিরছিলেন। ট্রলারটি ছাড়ার সঙ্গে সঙ্গেই অতিরিক্তি যাত্রীবোঝাইয়ের কারণে ঘাট এলাকাতেই তা ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। দুর্ঘটনার পরপরই চার আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে আমবিয়া নামের আরো এক আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ট্রলারে প্রায় ১০০ জনের মতো যাত্রী ছিলেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, নৌকাডুবিতে আরো কোনো যাত্রী নিখোঁজ আছেন কি না, তা অনুসন্ধান চালিয়ে দেখা হচ্ছে। নিহত পাঁচজনের লাশ মিঠামইন থানায় নেওয়া হয়েছে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ