আক্কেলপুরে নিখোঁজ দিনমজুরের অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের পাঁচদিন পর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর গ্রামের দরিদ্র দিনমজুর সুকুমার মহন্ত ওরফে বিদেশের (২৯) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে বাড়ির অদূরে হোসেন নগর খাল থেকে দিনমজুরের লাশটি উদ্ধার করা হয়। দুই সন্তানের জনক সুকুমার আবাদপুর গ্রামের সৌভাগ্য মহন্তের ছেলে। তিনি মাছ ধরার পাশাপাশি দিনমজুরি করতেন। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত সুকুমার মহন্তের স্ত্রী স্বপ্না মহন্ত ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুকুমার সন্তানদের জন্য খাবার আনতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
আজ সকালে লোকজন খালের পাড় দিয়ে যাওয়ার সময় লাশের সন্ধান পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে শনাক্ত করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ‘লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। লাশের গলা ও মাথা কাপড়ে মোড়া ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট