শিবচরে বিএনপি প্রার্থীর প্রচারে বাধার অভিযোগ
ষষ্ঠ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীর চর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা তাঁর প্রচার কাজে বাধা দিচ্ছে। এ সময় তিনি আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।
আজ বৃহস্পতিবার বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন মৃধা বলেন, ‘আমার প্রচারে আওয়ামী লীগ প্রতিনিয়ত বাধা দিচ্ছে। তারা এলাকায় মোটরসাইকেল শোডাউন দিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে।’
আজ বিএনপি প্রার্থীর লোকজন প্রচারে নামলে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির মোল্লার নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। পরে বিএনপি প্রার্থীর কর্মীদের অবরুদ্ধ করে রাখে। প্রচারে বাধা দেয়।
বিএনপি প্রার্থীর আরো অভিযোগ, এ ছাড়া কয়েক দফায় তাঁর প্রচার মাইক ভেঙে ফেলে প্রতিপক্ষের সমর্থকরা। কয়েকদিন আগে মাইক ও ব্যাটারি রেখে দেয় আওয়ামী লীগকর্মী রাজাচর মাদবরের কান্দি গ্রামের নুরুল ইসলাম মাদবর। পরে পুলিশ মাইক উদ্ধার করে নুরুল ইসলাম মাতুব্বরকে সতর্ক করে ছেড়ে দেয়।
তবে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজ্জামন বাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো অপপ্রচার। আমার কর্মীরা কাউকে প্রচারে বাধা দিচ্ছে না।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান আহমেদ বলনে, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন গ্রহণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আচরণবিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে বিভিন্ন টিম সার্বক্ষণিক কাজ করছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর