ছুটির মধ্যেও ইবির পাঁচ বিভাগে পরীক্ষা
গ্রীষ্মকালীন ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ১ জুন থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৪৭ দিনের জন্য ছুটি ঘোষণা করা হলেও পাঁচটি বিভাগে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছুটি চলাকালীন পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিভাগীয় সভাপতিকে স্বাগত জানিয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, ব্যবস্থাপনা, অর্থনীতি, পরিসংখ্যান ও মার্কেটিং বিভাগে বিভিন্ন শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র জানিয়েছে।
ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ছুটির মধ্যেও চূড়ান্ত পরীক্ষা দিতে পেরে বিভাগীয় সভাপতিকে স্বাগত জানাই। বিগত সময়ে অনাকাঙ্খিত কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় আমাদের যে একাডেমিক ক্ষতি হয়েছে তার কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে। তা ছাড়া এতে করে বিভাগে যে সেশনজট রয়েছে তা কমে আসবে।
ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, আজকে আমরা প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার, দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় বর্ষের তৃতীয় সেমিস্টার, চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার এবং এমবিএর প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নিয়েছি। সেশনজটমুক্ত বিভাগ গড়ে তোলার লক্ষ্যে আমরা ছুটির মধ্যেও পরীক্ষা নিয়েছি।
ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, বিভাগীয় শিক্ষকরা চাইলে ছুটির মধ্যেও পরীক্ষা নিতে পারবে।

ইবি সংবাদদাতা