আক্কেলপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে
জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক ঘটনায় লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে পড়ে সাতজন ও ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
আহতদের আক্কেলপুর উপজেলা স্বাস্থকেন্দ্র ও নওগাঁ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আজ শুক্রবার সকাল ও দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, ওয়ালটন কোম্পানির নিরাপত্তারক্ষী সবুজ হোসেন জন্ডিসে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে বৃহস্পতিবার রাতে মারা যান। তাঁর বাড়ি আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পশ্চিম কাঁঠালবাড়ী গ্রামে।
নিহত সবুজের বাবা বেলাল হোসেন, ফুফু শেহেনা বেওয়া, ফুফাতো ভাই রাজু, চাচা বাবু ও চাচি লিপি বেগম হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে আজ সকালে বাড়ি ফিরছিলেন। সকালে মৃতদেহসহ অ্যাম্বুলেন্সটি উল্টে তিলকপুর ইউনিয়নের পাঠানধারা গ্রামে খাদে পড়ে যায়। এতে চালক বকুল (৩০) ও হেলপার বুলেটসহ (১২) সাতজন গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে নঁওগা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং লাশটি উদ্ধার করে তাঁর বাড়িতে পৌঁছে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
অপরদিকে, আজ দুপুরে জেলার আক্কেলপুর উপজেলার হালির মোড় নামক স্থানে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের ছয় যাত্রী গুরুত্বর আহত হন। তাঁরা হলেন সাদিয়া (৯), শাহীন (২৪), জয়নব বিবি (৪১), ইসমত আরা (৩২) ও শিউলি (৩৪)।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট