সাভারে বিএনপির তিন প্রার্থীর ভোট বর্জন
অনিয়ম ও ভোট চুরির অভিযোগে রাজধানীর উপকণ্ঠ সাভারের বিরুলিয়া, পাথালিয়া ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদে (ইউপি) বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন।
আজ শনিবার দুপুরে সাভারের বিরুলিয়ায় নিজ বাসভবনে মাহমুদুল হাসান আলাল এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ ছাড়া পাথালিয়ায় বাছেদ দেওয়ান ও ভাকুর্তায় সারোয়ার হোসেন পৃথকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।
বিরুলিয়া ইউপিতে সকাল থেকেই আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান সুজনের নেতাকর্মীরা জাল ভোট দেন বলে অভিযোগ ওঠে। এ নির্বাচনে ভোট চুরি ও অনিয়মের অভিযোগে মাহমুদুল হাসান আলাল দুপুরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
একই অভিযোগে দুপুরে ভাকুর্তায় সারোয়ার হোসেন ও পাথালিয়া এলাকায় বাছেদ দেওয়ান সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের এ ঘোষণা দেন।
এদিকে দুপুরে আশুলিয়ার দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ৩ নম্বর আশুলিয়া ইউপির সদস্য প্রার্থী আবদুল খালেকের সমর্থকরা জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলুক হকের সমর্থকরা বাধা দলে দুই মেম্বার প্রার্থীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এ সময় ইউপির দুই সদস্য পদপ্রার্থীর অন্তত ১০ জন কর্মী গুরুতর আহত হন। এ সময় ভোট চুরির অভিযোগ ইউপি সদস্য পদপ্রার্থী ফজলুল হক নির্বাচন বর্জন করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ও আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদুর রহমান