জয়পুরহাটে ১ লাখ ৮৪ হাজার ভারতীয় নেশার বড়ি আটক
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে এক লাখ ৮৪ হাজার আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় বড়িসহ ভারতীয় বিভিন্ন পণ্য আটক করা হয়েছে। পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত চোরাচালানবিরোধী যৌথ টাস্কফোর্স ও বিজিবির পাঁচবিবি বিশেষ ক্যাম্পের জওয়ানরা গতকাল শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত এই অভিযান চালায়।
জয়পুরহাটে বিজিবির ৩ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর আশরাফ জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দিন আল ফারুকের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত চোরাচালানবিরোধী যৌথ টাস্কফোর্স পাঁচবিবি স্টেশনে যাত্রীবাহী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এ সময় ওই ট্রেনের বিভিন্ন কামরা থেকে প্রায় সাত লাখ টাকা মূল্যের ৪০০ কেজি জিরা, ১০৫ পিস শাড়ি, ১১০ পিস স্টিলের তৈরি মগ ও গ্লাস, ১৫ কেজি কিসমিস, ১০০ প্যাকেট আতশবাজি ও ৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। কিন্তু চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে শুক্রবার বিকেলে পাঁচবিবি- বনপাড়া পাকা সড়কের ওপর থেকে ৪২ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় এক লাখ ৮৪ হাজার ভারতীয় সিটিজেন ট্যাবলেট ও ১৩০ পিস মূল্যবান ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবির ৩ ব্যাটালিয়নের পাঁচবিবি বিশেষ ক্যাম্পের জওয়ানরা। বিজিবি জওয়ানদের উপস্থিতি টের পেয়ে বহন করা ভারতীয় পণ্যগুলো ফেলে পালিয়ে যাওয়ায় চোরাকারবারিদের কেউ আটক হয়নি।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট