রংপুরের পলাতক ফাঁসির আসামি জয়পুরহাটে গ্রেপ্তার
জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে হামিদুর রহমান নামের এক শিশু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গতকাল শনিবার বিকেলে পুলিশের বিশেষ অভিযান চলাকালে পলাতক ফাঁসির আসামি উপজেলার কুসুম্বা ইউনিয়নের মঠপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে হামিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। একই উপজেলার মহিপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২০০১ সালে হামিদুর রহমান কাজের খোঁজে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামে যান। সেখানে ওই গ্রামের স্বামী পরিত্যক্ত মঞ্জুআরাকে বিয়ে করেন তিনি। মঞ্জুআরার আগের পক্ষের তিন-চার বছর বয়সী শিশু সন্তানকে হত্যার অভিযোগে ২০০৩ সালে বদরগঞ্জ থানায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে ছাড়া পেয়ে সেখান থেকে পালিয়ে এসে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামে ছানোয়ার হোসেনের মেয়েকে গোপনে বিয়ে করে সেখানে বসবাস করে আসছিলেন হামিদুর।
গত ১২ এপ্রিল রংপুর জেলার দায়রা জজ আদালতের মামলার রায়ে হামিদুরের ফাঁসির আদেশ হয়। পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করার সময় গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী গতকাল বিকেলে মহিপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে তাঁকে জয়পুরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট