খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা
আদালতে হাজিরা দিয়ে নিজ বাসায় ফিরে যাওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। তবে গত তিন মাসের কর্মসূচিতে সাধারণ মানুষের জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে জন্য খালেদা জিয়াকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘এর মধ্য দিয়ে হয়তো এতদিন ধরে যে একটা অসুস্থ রাজনীতির মধ্যে ছিলেন, সেখান থেকে বেরিয়ে একটা সুস্থ রাজনীতির মধ্যে বেগম খালেদা জিয়া ফিরে আসবেন। এটা হয়তো জনগণ ভাবছেন। আমরাও সেটা প্রত্যাশা করি।’
মানুষ পুড়িয়ে হত্যার দায় থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন না উল্লেখ করে হানিফ আরো বলেন, ‘এর পাশাপাশি যে উনি ৯১ দিনে শতাধিক মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন, হাজার হাজার মানুষকে অগ্নিদগ্ধ করে আহত করেছেন, এই যে গাড়ি-ঘোড়া পুড়িয়ে সন্ত্রাস, নাশকতামূলক কর্মকাণ্ড করেছেন-এর দায় থেকে কিন্তু ইনি মুক্তি পাবেন না। জনগণ কিন্তু ওনাকে এই দায় থেকে মুক্তি দেবে না।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বোমাবাজি ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বিএনপিকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুরে চার লেনবিশিষ্ট সড়কের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে তাদের জনবিচ্ছিন্ন করছে, বিলম্বে হলেও এটা যদি তাদের বোধোদয় হয়ে থাকে। তাহলে এটা ভালো, আমরা স্বাগত জানাই।’ রাজনীতির স্বাভাবিক ও বাস্তবতার পথ ধরে বিএনপির নেতারা হাঁটবেন বলে আশা করেন তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার আইনের সীমা লঙ্ঘন করে কোনো স্টেপই (পদক্ষপ) নেয়নি। এটা গ্রেপ্তারি পরোয়ানা বলুন, যা-ই বলুন, আইনের পথ অনুসরণ করেই সরকার বিষয়টিকে হ্যান্ডেল (পরিচালনা) করেছে ঠান্ডা মাথায়।’
‘তথাকথিত আন্দোলনে কোনো ফল হয়নি’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আজকে তিনি কোর্টে গেলেন। আত্মসমর্পণ করলেন। জনগণের প্রশ্ন, এই ৯০ দিন তিনি যে তাঁর কার্যালয়ে ছিলেন, বিরানব্বই দিন (তাঁর পাশ থেকে একজন সংশোধন করে দেয়) তিনি কী লাভ করেছেন? দেশের মানুষের ক্ষতি করা ছাড়া। তাঁর এই তথাকথিত আন্দোলনে কিছুই হয়নি।’

নিজস্ব প্রতিবেদক