জাবির সঙ্গে বিআইপিএসওটির চুক্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিআইপিএসওটি) এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের এবং বিআইপিএসওটির পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা বিআইপিএসওটির কর্মসূচি ও ট্রেনিং কার্যক্রমে অংশ নিতে পারবেন এবং বিআইপিএসওটির কর্মকর্তারাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শাহেদুর রশিদ, জনসংযোগ কার্যালয়ের উপপরিচালক আবদুস সালাম মিঞা এবং বিআইপিএসওটির মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান, কর্নেল মাহবুব সারোয়ার, লে. কর্নেল এস এস আনিসুজ্জামান ও মেজর মো. এরশাদ মানছুর উপস্থিত ছিলেন।

জাবি সংবাদদাতা